সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন।
- আপডেট সময় : ০৭:৫৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম ডিপো-তে আকস্মিক পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১:৩৫টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের এস.ও. এলাকায় অবস্থিত ডিপোতে তিনি এ পরিদর্শনে যান।পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ডিপোর সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জ্বালানি তেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উপস্থিত প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন তিনি। জ্বালানি তেল সরবরাহে কোনো ধরনের হয়রানি হচ্ছে কিনা, সে বিষয়েও খোঁজ নেন প্রতিমন্ত্রী।তিনি উপস্থিত সংশ্লিষ্টদের চোরাই পথে জ্বালানি তেল সরবরাহ ও ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি সতর্ক করে বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধভাবে জ্বালানি তেল সরবরাহ বা লেনদেনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।পরিদর্শন শেষে বেলা ১২:৩০টায় প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।