সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার।
- আপডেট সময় : ১১:৪৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৩০৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি গার্মেন্টস কারখানার ভেতর থেকে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৪ এপ্রিল ) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় কান্দাপাড়া এলাকার “টিএফ ফ্যাশন” কারখানার ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম মোঃ জসীম উদ্দীন (৪২)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার কামারচর এলাকার বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে অনেক বেলা পেরিয়ে গেলেও কারখানার গেট না খোলা এবং নিরাপত্তাকর্মী জসীম উদ্দীন ঘুম থেকে না ওঠায় সন্দেহ সৃষ্টি হয়। বিষয়টি গার্মেন্টসের মালিককে জানানো হলে তিনি ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে আদমজীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এসময় তারা জসীম উদ্দীনকে মশারির ভেতরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।পরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টার মধ্যে যেকোনো সময় তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।