সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মীর আত্মহত্যা।
- আপডেট সময় : ০৫:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ২৫৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) ওমরপুর হারাইনা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রেখা খাতুন (২৪) পঞ্চগড় সদর উপজেলার খোঁপড়া কান্দি এলাকার মধু মন্ডলের মেয়ে। তিনি সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকায় মতিন সাহেবের বাড়ির পঞ্চম তলায় ভাড়া থেকে গার্মেন্টসে কাজ করতেন। ব্যক্তিগত জীবনে তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন এবং তার সাত বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের মধ্যে যেকোনো সময় তিনি নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনি তার মামা ও মামির সঙ্গে একই ফ্ল্যাটে বসবাস করতেন। পারিবারিকভাবে জানা গেছে, তিনি কিছুদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই শামীম রেজা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।