সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার।
- আপডেট সময় : ০৮:৫১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব শেখ হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি পারভেজ ওরফে কালুকে (২২) গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় জেলার সোনারগাঁও থানার কাঁচপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।র্যাব-১১ সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামি পারভেজকে গ্রেফতার করা হয়।এর আগে, গত ৯ এপ্রিল সকালে সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের ৫ নম্বর ভবনে বিপ্লব শেখ (২৬) নামে এক গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার রনছ এলাকার বাসিন্দা এবং ওই ভবনের একটি মিনি গার্মেন্টসে সেলাইয়ের কাজ করতেন।প্রথমে কারখানা কর্তৃপক্ষ তার পরিবারের কাছে ‘স্ট্রোক করে মৃত্যু’ হয়েছে বলে জানায়। পরে মরদেহ দাফনের আগে গোসল করানোর সময় শরীরের বিভিন্ন স্থানে কাটা ও রক্তাক্ত জখম দেখতে পেয়ে পরিবারের সন্দেহ হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়।র্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।