ফতুল্লায় ১০০ টাকায় গরুর মাংস, অসহায় মানুষের পাশে ‘গরিবের বন্ধু আলম গোশত বিতান’।
- আপডেট সময় : ০৭:০০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সাইফুল মার্কেট এলাকায় গরিব ও নিম্ন আয়ের মানুষের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘গরিবের বন্ধু আলম গোশত বিতান’। এখানে মাত্র ১০০ টাকায় গরুর মাংস পাচ্ছেন অসহায় ও স্বল্প আয়ের মানুষ।দোকানটির মালিক মো. আল আমিন জানান, সমাজের দরিদ্র ও মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষদের কথা চিন্তা করেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত দোকানে ১০০ টাকায় গরুর মাংস বিক্রি করা হয়।তিনি বলেন, “আমাদের মূল উদ্দেশ্য গরিব মানুষের মুখে হাসি ফোটানো। অনেক মানুষ আছেন যারা বাজারের উচ্চ দামের কারণে গরুর মাংস কিনতে পারেন না। তাদের কথা ভেবেই আমরা এই ব্যবস্থা করেছি।”এদিকে মানবিক এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে প্রবাস থেকেও সহায়তা আসছে। সম্প্রতি দূর প্রবাসে থাকা সুমন নামে এক ব্যক্তি অসহায় মানুষের জন্য ৩২০০ টাকা অনুদান পাঠিয়েছেন। সেই অর্থ দিয়ে ১০০ টাকা করে ৩২টি গরুর মাংসের প্যাকেট তৈরি করে ৩২ জন অসহায় মানুষের মাঝে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।এছাড়াও আরেকজন প্রবাসী মানবিক ব্যক্তি ৬৫ জন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে অনুদান পাঠিয়েছেন। সেই অর্থ দিয়ে ‘গরিবের বন্ধু আলম গোশত বিতান’-এর পক্ষ থেকে আগামীকাল ৬৫ জন মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করা হবে।উদ্যোক্তা আল আমিন বলেন, “প্রবাসে থেকেও যারা দেশের গরিব মানুষের কথা ভাবেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের রিজিক আরও বাড়িয়ে দেন এবং পরিবারকে ভালো রাখেন।”তিনি আরও জানান, সমাজের বিত্তবান বা প্রবাসী কেউ যদি অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান, তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ছোট্ট সহায়তাতেই অনেক দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব বলে মনে করেন তিনি।