সিদ্ধিরগঞ্জে যুবককে কুপিয়ে জখম, নিরাপত্তাহীনতায় পরিবার।
- আপডেট সময় : ০১:২৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ২৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন ওমরপুর আইয়ুবনগর এলাকায় মঙ্গলবার (১৭ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত ফয়সাল মাহমুদ (৩৫) স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।লিখিত অভিযোগে আব্দুল মান্নান উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তারা তার ওপর ক্ষিপ্ত ছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ফয়সাল মাহমুদ বাসায় ফেরার পথে আইয়ুবনগর মেইন গেইট এলাকায় একদল সন্ত্রাসী তার পথরোধ করে।এ সময় হামলাকারীরা লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে ধারালো রামদা ও চাপাতি দিয়ে তার মাথায় কোপ দেওয়া হলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। ছেলের চিৎকারে আব্দুল মান্নান এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ফয়সাল মাহমুদ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা চলে যাওয়ার সময় মামলা করলে পরিবারের সবাইকে হত্যার হুমকি দিয়ে যায়। এতে করে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

