ফতুল্লায় গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, স্বামী গ্রেফতার
- আপডেট সময় : ১১:৫২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ সাবিনা বেগম ওরফে চম্পা (২২) হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী মো. হামিদুল ইসলাম প্রকাশ রনি (২৭)-কে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) পিবিআই নারায়ণগঞ্জ জেলা সূত্রে এ তথ্য জানা যায়।পিবিআই জানায়, গত ১৮ মার্চ সকালে ফতুল্লা থানাধীন আলীগঞ্জ পূর্বপাড়া রেললাইন সংলগ্ন একটি পরিত্যক্ত কক্ষ থেকে গৃহবধূ সাবিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পিবিআই নারায়ণগঞ্জের ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।এ ঘটনায় নিহতের ভাই রুবেল কাজী বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৫৫, তারিখ: ১৮/০৩/২০২৬, ধারা: ৩০২/২০১/৩৪ পেনাল কোড)। পরবর্তীতে মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই।তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একইদিন রাতে আলীগঞ্জ এলাকা থেকে আত্মগোপনের চেষ্টাকালে প্রধান আসামি রনিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।পিবিআই সূত্রে আরও জানা যায়, পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার আগের রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে রনি তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত কক্ষে ফেলে রাখে।গ্রেফতারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) জানান, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।