রূপগঞ্জে অবৈধ ভোজ্য তেল কারখানায় অভিযান, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ১২:৪২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন ও মজুদের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-১১ ও উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) দুপুরে তারাব এলাকায় যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে সিমু কনজুমার প্রডাক্টসের মালিক জহিরুল ইসলাম সৈকতকে ১ লাখ টাকা এবং মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজের মালিক আব্দুল বাতেন দেওয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন করে বিভিন্ন নামী ব্র্যান্ডের লেবেল ব্যবহার করে বাজারজাত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুই প্রতিষ্ঠানে প্রায় ২০ হাজার লিটার অবৈধ ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে মজুদ অবস্থায় পাওয়া যায়।র্যাব জানায়, ভেজাল ও অবৈধভাবে উৎপাদিত খাদ্যপণ্যের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।