রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ও কনস্টেবলকে মারধর, তিনজন আটক।
- আপডেট সময় : ০৭:০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) বিকেলে সদর মডেল থানাধীন উকিলপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, রেলওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মিজানুর রহমান ও কনস্টেবল (কং/৩৭০) আরিফুল ইসলাম জিডি নং-৩১২, তারিখ ১৫ মার্চ ২০২৬ অনুযায়ী সকাল ৬টা ৫ মিনিটে ডিউটিতে নিয়োজিত ছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে তারা নারায়ণগঞ্জ সদর মডেল থানার উকিলপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় নিয়মিত টহল ডিউটি করার সময় কয়েকজনকে মাদক সেবন ও বিক্রি করতে দেখেন। এ সময় পুলিশ দুইজনকে গাঁজাসহ আটক করলে আরও ৮ থেকে ১০ জন ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়।পরে পালিয়ে যাওয়া ওই ব্যক্তিরা পুনরায় ঘটনাস্থলে এসে এসআই মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলামের ওপর হামলা চালিয়ে মারধর করে। হামলাকারীরা এসআই মিজানুর রহমানের ব্যবহৃত একটি মোবাইল ফোন (রিয়েলমি T21) এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। মানিব্যাগে প্রায় ৭ হাজার টাকা ছিল বলে জানা গেছে।হামলার মুখে দুই পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে দৌড়ে খানপুর ৩০০ শয্যা হাসপাতাল এলাকায় গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পরে তারা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ফিরে আসেন।ঘটনার পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হালিমের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।আটককৃতরা হলেন— ডি এম অনিক (২৮), পিতা দেলোয়ার হোসেন, মাতা ডালি বেগম, বাসিন্দা গলাচিপা ঘোরাপাড়া মসজিদের সামনে, নারায়ণগঞ্জ সদর; মিস্টার অনিক (২৬), পিতা হারুন শেখ, মাতা মাকসুদা বেগম, বাসিন্দা গলাচিপা, নারায়ণগঞ্জ সদর; এবং মো. ফারুক (২২), পিতা সোবহান, মাতা ফাতেমা বেগম, বাসিন্দা ৩৪ নম্বর ডিএন রোড, গলাচিপা, নারায়ণগঞ্জ।নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।