৪ বছর পর সোনারগাঁওয়ে নয়ন হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ১।
- আপডেট সময় : ০৪:০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আলোচিত নয়ন হত্যা মামলার চার বছর পর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত মূল আসামি মো. কামাল হোসেন (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।পিবিআই জানায়, গত মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ৭টার দিকে ফতুল্লা থানার ঢাকা-নারায়ণগঞ্জ (ডিএন) রোড এলাকা থেকে কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি সোনারগাঁও উপজেলার সাজালের কান্দি এলাকার বাসিন্দা।মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩১ ডিসেম্বর রাতে নয়ন মিয়া (৩০) নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন (১ জানুয়ারি ২০২২) সকালে সোনারগাঁওয়ের সাজালের কান্দি এলাকায় একটি ডোবার পাশে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বাবা আলম বেপারী অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।তদন্ত সংশ্লিষ্টরা জানান, ২০২১ সালের সনমান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নয়ন তার চাচা ফিরোজ মিয়ার পক্ষে কাজ করায় প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।পিবিআইয়ের তদন্তে উঠে আসে, ঘটনার রাতে কামাল হোসেনসহ ১৪-১৫ জনের একটি দল নয়নকে আটক করে মারধর করে এবং পরে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে ডোবায় ফেলে রেখে যায় তারা।গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে কামাল হোসেন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরবর্তীতে বুধবার (৮ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে।