নারায়ণগঞ্জে আদালতের সামনে ট্রাক চাপায় প্রাণ হারালেন বিচারপ্রার্থী
- আপডেট সময় : ১০:০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে পণ্যবাহী ট্রাকের চাপায় এক বিচারপ্রার্থী নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর বারোটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম। নিহত ব্যক্তির নাম মাদুলী ইসলাম ভূঁইয়া (৭০)। তিনি রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা। সকালে তিনি রূপগঞ্জ থেকে এনআইএক্ট (চেক সংক্রান্ত) মামলার বিষয়ে আদালতে এসেছিলেন বলে জানান প্রতিবেশী রোকসানা ইব্রাহিম। প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, জেলা আদালতের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযেগ সড়কটি হেঁটে পার হবার সময় চাষাঢ়ামুখী পণ্যবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। পুলিশ জানায় “ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। চাপা দেবার পরপরই ট্রাকটি ফেলে পালিয়ে যায় চালক ও তার সহকারি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”