মাদক কারবারিদের আতঙ্ক সিদ্ধিরগঞ্জের ওসি আব্দুল বারীক: একের পর এক অভিযানে জনমনে স্বস্তি।
- আপডেট সময় : ১১:৫৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় যোগদানের পর থেকেই অপরাধীদের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে রয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (আব্দুল বারীক)। মাদক ব্যবসায়ী, চোর ও ডাকাত চক্রের বিরুদ্ধে তার ধারাবাহিক ও সাহসিকতাপূর্ণ অভিযানে এলাকায় অপরাধের গ্রাফ যেমন কমছে, তেমনি সাধারণ মানুষের মধ্যে ফিরেছে স্বস্তি। গত দুই দিন আগে এক বিশেষ অভিযানে ১৮ লক্ষ ৬৫ হাজার টাকা এবং ১৫০ গ্রাম হেরোইন ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এই বড় সাফল্যের পর এলাকাবাসীর মুখে এখন ওসির প্রশংসার জোয়ার। শুরুতে সাধারণ মানুষ তাকে নিয়ে সন্দিহান থাকলেও, কাজের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে জননিরাপত্তা রক্ষায় তিনি কতটা আপোষহীন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে তার এই বিরামহীন পদচারণা এখন মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু। ওসি আব্দুল বারীকের এই সাহসী ভূমিকা নতুন নয়। এর আগে ঢাকা রেঞ্জের গাজীপুর জেলার শ্রীপুর থানায় কর্মরত থাকাকালে তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এবং চুর-ছিনতাই রোধে তার অবদান ছিল অনস্বীকার্য। বিশেষ করে শ্রীপুরের কুখ্যাত সন্ত্রাসী সুমন শেখকে তার আস্তানা থেকে পিস্তলসহ গ্রেফতার করার ঘটনাটি ছিল অত্যন্ত আলোচিত। কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি সে সময় গাজীপুরের ‘শ্রেষ্ঠ ওসি’ হিসেবেও পুরস্কৃত হয়েছিলেন।নিজের দায়িত্ব ও লক্ষ্য সম্পর্কে ওসি আব্দুল বারীক বলেন, “কর্মজীবনের শুরু থেকেই আমি আমার পোশাকের মর্যাদা রক্ষা করার চেষ্টা করেছি। যেখানেই গিয়েছি, চেষ্টা করেছি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে। যতদিন চাকরিতে আছি, পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করে যাব। যত বিপদই আসুক, অন্যায়ের কাছে কখনোই মাথা নত করব না।”সিদ্ধিরগঞ্জবাসীর মতে, এমন নিষ্ঠাবান ও সাহসী পুলিশ কর্মকর্তার কারণেই সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব। বর্তমানে তাকে ঘিরে এলাকায় অপরাধীদের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও সাধারণ মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারছে।