লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান ঘিরে নিরাপত্তা জোরদার, মাঠে র্যাব-১১।
- আপডেট সময় : ০৮:১৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন মহাষ্টমী পুণ্যস্নান উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। দুই দিনব্যাপী এই পুণ্যস্নান উৎসব ২৫ মার্চ শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত চলবে।উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশ-বিদেশ থেকে লাখো পুণ্যার্থীর আগমন শুরু হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ভারত, শ্রীলংকা, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশ থেকে ভক্তরা লাঙ্গলবন্দে আসছেন। এবারের পুণ্যস্নানে প্রায় ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাঙ্গলবন্দ এলাকার মোট ২০টি ঘাটে একযোগে এই পুণ্যস্নান অনুষ্ঠিত হবে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-১১, জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। র্যাব জানিয়েছে, পুণ্যস্নানকে কেন্দ্র করে ২৪ ঘণ্টা টহল জোরদার করা হয়েছে এবং বিভিন্ন সেবা কেন্দ্র ও আয়োজক কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।এছাড়া যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে র্যাবের গোয়েন্দা সদস্যরা সাদা পোশাকে এলাকায় নজরদারি চালাচ্ছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবারের মহাষ্টমী পুণ্যস্নান উৎসব।